
আরামবাগ, ৩১ মার্চ (হি.স.): হুগলির গোঘাট-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত শুনিয়া গ্রামে বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ১৬৩ নম্বর বুথের ভোটারদের একাংশ ‘রাস্তা নেই, ভোট নেই’ স্লোগান তুলে মঙ্গলবার রাস্তায় নামেন।
ক্ষুব্ধ বাসিন্দারা আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েও রাস্তার কোনও স্থায়ী সমাধান হয়নি। বর্ষাকালে কাদায় ডুবে যায় রাস্তা, আর গ্রীষ্মে ধূলোয় ভরে ওঠে, ফলে নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। স্কুল পড়ুয়া থেকে অসুস্থ রোগী—সকলেই দুর্ভোগের শিকার হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
এছাড়া ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, প্রকল্পের সুবিধা বাস্তবে মেলেনি, শুধুমাত্র আশ্বাসই পেয়েছেন তাঁরা।
বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, পাকা রাস্তার কাজ শুরু না হলে তাঁরা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন না। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ চোখে পড়েনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA