
সোনামুড়া (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.): পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে কেন্দ্র করে একদল বখাটে ছাত্র স্কুলে চড়াও হয়ে শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তা করে এবং বিদ্যালয়ের আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ফলাফল প্রকাশের পর কয়েকজন ছাত্র উত্তেজিত হয়ে উঠে এবং স্কুলের ভিতরে প্রবেশ করে শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। স্কুলের পরিবেশ অশান্ত হয়ে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেলাঘর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জন ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেলকাজলা স্কুল পরিদর্শন করে। তাঁদের সঙ্গে সংগঠনের উরমাই অঞ্চল কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন প্রদান করে। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসএফআই নেতৃত্বের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হিংসাত্মক আচরণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ