
মালদা, ৪ মার্চ (হি. স.):- মালদার গাজোলে সিএএ-তে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেলেন শংকরপুর এলাকার মহেন্দ্রকুমার সিংহ ও তাঁর স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ১৯৯৩ সালে ভারতে এসে আশ্রয় নেন তাঁরা। দীর্ঘদিন চেষ্টা করেও নাগরিকত্ব না পাওয়ায় ভোটার কার্ডও ছিল না। তিন মাস আগে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন জানান দম্পতি। দোলযাত্রার দিন তাঁদের বাড়িতে গিয়ে সিএএ শংসাপত্র তুলে দেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন।বুধবার মহেন্দ্রকুমার সিংহ জানান, বাংলাদেশের টাঙ্গাইল জেলার মীরজাফর এলাকায় তাঁদের বাড়ি ছিল। বহু বছর অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর নাগরিকত্ব পেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।বিধায়ক চিন্ময় দেববর্মনের দাবি, শরণার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে এবং যোগ্য সবাই নাগরিকত্ব পাবেন। এদিকে বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, এটি রাজনৈতিক প্রচার ছাড়া কিছু নয় এবং বহু আবেদনকারী-ই এখনও শংসাপত্র পাননি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়