
কলকাতা, ৪ মার্চ (হি স)। ‘উস্কানিমূলক এবং সংবিধান বিরোধী মন্তব্য’ করার দায়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার রাতে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করেছেন সিপিএম যুবনেতা সৈনিক সুর।
অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কেবল রাজনৈতিকভাবে উস্কানিমূলকই নয়, বরং ধর্মনিরপেক্ষ-মনের নাগরিক এবং সমাজের নাস্তিক সদস্যদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্য এবং ঘৃণা উস্কে দিতেও সক্ষম। সৈনিক সুর বলেন, শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যের কারণে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে । সেই তথ্য পুলিশকে দেওয়া হয়েছে ।
ঘটনার ব্যাখ্যায় সিপিএম যুবনেতা বলেন, মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসবের একটি অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় অত্যন্ত ঘৃণ্য সংবিধান বিরোধী মন্তব্য করেন । তিনি বলেন 'নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে'।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত