
ঝাড়গ্রাম, ৪ মার্চ (হি. স.):- ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেপুরা এলাকায় টানা সাত দিন ধরে বিশাল হাতির দলের তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, প্রতিদিন সন্ধ্যা নামলেই প্রায় ৫০ থেকে ৬০টি হাতির দল নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে এবং গভীর রাতে ফের জঙ্গলে ফিরে যাচ্ছে।এই তাণ্ডবে নেপুরা, আমলাদাঁড়ি, দক্ষিণ রগড়া, ইটামান্ডুয়া, গড়ধরা ও তেঁতুলিয়া-সহ একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটামান্ডুয়া গ্রামে খাবারের সন্ধানে একটি বাড়ির দরজা ভেঙে দেয় হাতির দল। পাশাপাশি একটি চারচাকা গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। চাষের জমিতেও ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। প্রায় শয়ে শয়ে বিঘা রোয়া ধান নষ্ট হয়েছে। এছাড়া ১০–১২ বিঘা আখ, ২–৩ বিঘা কুমড়ো এবং ৫–১০ বিঘা সর্ষে ও লঙ্কা চাষেরও বড় ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের।ক্ষতিগ্রস্ত চাষি পূর্ণেন্দু সিং অভিযোগ করেন, বনদপ্তর দ্রুত হস্তক্ষেপ করছে না এবং অতীতের ক্ষতিরও ক্ষতিপূরণ মেলেনি। গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়