
নদিয়া, ৪ মার্চ (হি. স.): নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায় বসন্ত উৎসব উপলক্ষে খিচুড়ি রান্নার সময় কড়াই উল্টে শিশু-সহ একাধিক জন আহত হয়েছেন। প্রতিবছরের মতো এ বছরও বনবিবি তলায় বসন্ত উৎসবকে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। অনেকে পুজো দিয়ে মনস্কামনা জানাতে আসেন এবং বিভিন্ন জায়গায় প্রসাদ হিসেবে খিচুড়ি রান্না ও বিতরণ করা হয়।বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্থানে বড় কড়াইয়ে খিচুড়ি রান্না চলাকালীন হঠাৎ সেটি উল্টে যায়। ফুটন্ত গরম খিচুড়ি পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের গায়ে পড়ে। এতে এক শিশু গুরুতরভাবে দগ্ধ হয়। আরও কয়েকজন কমবেশি আহত হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আহতদের দ্রুত উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর এক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়