
দুর্গাপুর, ৫ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচির প্রচার ঘিরে দুর্গাপুরে উত্তেজনা ছড়াল। পরিবর্তন যাত্রার পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরের বিধাননগর মোড়ে সড়ক অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকেরা।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্যে পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে চলতি মাসের ১০ তারিখ দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে বিজেপির একটি জনসভা রয়েছে। সেখানে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকার কথা।
এই সভাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন ও পোস্টারিং শুরু করেছে বিজেপি। অভিযোগ, সেই কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের বিধাননগর মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার লাগানো হয়েছিল। বিজেপির দাবি, গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা ওই পোস্টারগুলি ছিঁড়ে দেয়।
বৃহস্পতিবার বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। দুপুর নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের বিধাননগর মোড়ের উড়ালপুলের নীচে অবরোধ শুরু করেন তারা। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয় নি। অবরোধের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
দুর্গাপুর-বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “জাতীয় সড়কের উড়ালপুলের দেওয়ালে পরিবর্তন যাত্রার প্রায় ২০টি পোস্টার লাগানো ছিল। সেগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা তৃণমূলের দুষ্কৃতীদের কাজ। এভাবে পোস্টার ছিঁড়ে বিজেপিকে আটকানো যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরে দলের মুখপাত্র উজ্জ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এ ধরনের কাজ তৃণমূল করে না। তৃণমূল মানুষের জন্য কাজ করে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর এনটিপিএস থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা