
নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): আগামী ৮ মার্চ রাজধানী দিল্লিতে মেট্রো রেলের দু’টি নতুন লাইনের উদ্বোধন এবং তিনটি নতুন করিডোরের শিলন্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮,৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পগুলির মাধ্যমে দিল্লির গণপরিবহন ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার জানিয়েছেন, ওইদিন দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) মজলিস পার্ক থেকে মৌজপুর-বাবরপুর (পিঙ্ক লাইন) এবং দিপালী চক থেকে মজলিস পার্ক (ম্যাজেন্টা লাইন)—এই দু’টি নতুন করিডোরের উদ্বোধন করা হবে। একইসঙ্গে মেট্রোর পঞ্চম পর্যায়ের (এ) অন্তর্গত তিনটি নতুন করিডোরের শিলন্যাসও সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী। দিল্লির ডিডিএ উৎসব স্থল-৩ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, মজলিস পার্ক থেকে মৌজপুর-বাবরপুর পর্যন্ত ১২.৩ কিলোমিটার দীর্ঘ অংশে আটটি এলিভেটেড স্টেশন রয়েছে। এটি চালু হওয়ার ফলে পিঙ্ক লাইনের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৭১.৫৬ কিলোমিটার এবং দিল্লি পাবে দেশের প্রথম পূর্ণাঙ্গ ‘রিং মেট্রো’। অন্যদিকে, দিপালী চক থেকে মজলিস পার্ক পর্যন্ত ম্যাজেন্টা লাইনের ৯.৯২ কিলোমিটার সম্প্রসারিত অংশে সাতটি এলিভেটেড স্টেশন রয়েছে। এই করিডোর নির্মাণে উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং কৃতিত্ব অর্জন করা হয়েছে। দিপালী চক–মজলিস পার্ক করিডোরের একটি অংশ প্রায় ২৮.৩৬ মিটার উচ্চতায় অবস্থিত, যা দিল্লি মেট্রোর অন্যতম সর্বোচ্চ এলিভেটেড সেকশন। এছাড়া মজলিস পার্ক–মৌজপুর বাবরপুর করিডোরে যমুনা নদীর ওপর নতুন ব্রিজ এবং ডাবল-ডেকার ভায়াডাক্ট তৈরি করা হয়েছে, যেখানে মেট্রো ট্র্যাকের নিচেই থাকবে সড়ক ফ্লাইওভার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেট্রোর পঞ্চম পর্যায়ের (এ) অধীনে রামকৃষ্ণ আশ্রম মার্গ থেকে ইন্দ্রপ্রস্থ পর্যন্ত ‘সেন্ট্রাল ভিস্তা করিডোর’, অ্যারোসিটি থেকে আইজিআই বিমানবন্দর টার্মিনাল-১ এবং তুঘলকাবাদ থেকে কালিন্দী কুঞ্জ পর্যন্ত ‘গোল্ডেন লাইন’ সম্প্রসারণের শিলন্যাস করবেন। ৯.৯ কিলোমিটার দীর্ঘ সেন্ট্রাল ভিস্তা করিডোরটি সম্পূর্ণ ভূগর্ভস্থ হবে এবং এটি ইন্ডিয়া গেট ও ভারত মণ্ডপমসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাগুলিকে যুক্ত করবে। এই নতুন সংযোগের ফলে ফরিদাবাদ, বল্লভগড় এবং নয়ডার যাত্রীরাও সরাসরি বিমানবন্দর ও দক্ষিণ দিল্লির সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাবেন। এর ফলে রাজধানীর যানজট ও দূষণ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সোনালি