
গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : অসমের কারবি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। বিধ্বস্ত যুদ্ধবিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে বিভাগীয় আধিকারিক সূত্রে জানা গেছে।
গুয়াহাটিতে ভারতীয় বায়ুসেনার জনসংযোগ আধিকারিকের কাছে জানা গেছে, যোরহাটে বায়ুসেনার বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করার পর বিমানের সঙ্গে শেষবার সন্ধ্যারাত ৭:৪২ মিনিটে যোগাযোগ হয়েছিল। তিনি জানান, সু-৩০ এমকেআই যুদ্ধবিমানটির রাডার সংযোগ অসমের কারবি আংলং জেলায় বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ভারতীয় বিমানবাহিনীর এক্স-এ ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, ‘একটি আইএএফ সু-৩০ এমকেআই বিমান নিখোঁজ বলে রিপোর্ট হয়েছে। বিমানটি অসমের যোরহাট থেকে উড্ডয়ন করেছিল এবং শেষবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ হয়। আরও তথ্য যাচাই করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’
জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যারাত প্রায় পৌনে আটটার দিকে কারবি আংলং জেলার চকিহোলা এলাকার নিলিপ ব্লকের কাছে জনবসতিহীন একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিকট শব্দ করে যুদ্ধবিমানটি ভূপতিত হয়েছে। ঘটনার পর আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অস্বাভাবিক বিকট শব্দটি পাহাড়ি এলাকাজুড়ে প্রতিধ্বনিত হয়। আতঙ্কিত গ্রামবাসীরা মনে করেন, কোনও সামরিক বিমান এলাকায় ভেঙে পড়তে পারে। বহু বাসিন্দা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের দিক থেকে ধোঁয়া উঠতেও দেখেছেন বলে দাবি করেছেন।
এখন পর্যন্ত পাইলটদের অবস্থা বা বিমানের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। বিস্তারিত তথ্যের অপেক্ষায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস