
পূর্ব সিংভূম, ৫ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় রেল সুরক্ষা বাহিনী তাদের চলমান মাদক বিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে। টাটানগর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে তিন যুবকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার মাদক (ব্রাউন সুগার) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন মুস্তাকিম আনসারি। তিনি পারসুদিহ থানা এলাকার কিতাদিহের বাসিন্দা। বসন্ত উপাধ্যায়, বার্মামাইনসের ক্যারেজ কলোনির বাসিন্দা। রাহুল কুমার দে,গোলমুরি খালসা ক্লাবের কাছের বাসিন্দা। মুস্তাকিম আনসারি সেরাইকেলা-খারসাওয়ান জেলার আদিত্যপুর এলাকা থেকে মাদক (ব্রাউন সুগার) এনে টাটানগর স্টেশন চত্বরে বসন্ত উপাধ্যায় এবং রাহুল কুমার দে-র কাছে বিক্রি করছিলেন। রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) দল হাতেনাতে তিনজনকে আটক করে।
এক পুলিশ আধিকারিক জানান, ধৃতদের কাছ থেকে মোট ৩.৫৬ গ্রাম ওজনের ২৮ প্যাকেট মাদক (ব্রাউন সুগার) উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের (ব্রাউন সুগার) আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৬ হাজার টাকা। অভিযুক্তদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪,৩৩০ টাকাও উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের মোট মূল্য ৪ লক্ষ২০ হাজার ৩৩০ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন