


প্ৰতিদ্বন্দ্বিতায় নেই বিরোধী, শাসক-শরিকের তিন প্রার্থীর রাজ্যসভা-যাত্রা প্রায় নিশ্চিত
গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : রাজ্যসভায় অসমের শূন্য তিন আসনে আজ মনোনয়ন পেশ করেছেন বিজেপি-মনোনীত দুই প্রার্থী যোগেন মোহন ও তেরশ গোয়ালা এবং জোটশরিক ‘ইউনাইটেড পিপলস পাৰ্টি লিবারেল’ (ইউপিপিএল)-সুপ্রিমো তথা প্রাক্তন বিটিসি-প্রধান প্রমোদ বোড়ো।
আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় কেন্দ্রীয় মন্ত্রী সৰ্বানন্দ সনোয়াল, পবিত্র মার্ঘেরিটা, বিজেপির সর্বভারতীয় নেতা তথা অসমে দলের প্ৰভারী বৈজন্তজয় পাণ্ডা, কয়েকজন পরিষদীয় মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, পীযূষ হাজরিকা, চন্দ্ৰমোহন পাটোয়ারি, অশোক সিংঘল, রঞ্জিতকুমার দাস, কেশব মহন্ত, উর্খাওগৌরা ব্রহ্ম, বিধায়কগণ যথাক্রমে হেমাঙ্গ ঠাকুরিয়া, তরঙ্গ গগৈ, দিগন্ত কলিতা, রঞ্জিত কলিতা, অতুল বরা, অতুল বরা, কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখকে সঙ্গে নিয়ে বিজেপির দুই প্রার্থী রাজ্যের পরিষদীয় মন্ত্রী যোগেন মোহন এবং দুলিয়াজানের বিধায়ক তেরশ গোয়ালা তাঁদের মনোনয়ন পেশ করছেন। এছাড়া তৃতীয় আসনে মনোনয়ন পেশ করেছেন বিজেপি-সমর্থিত প্রার্থী ‘ইউনাইটেড পিপলস পাৰ্টি লিবারেল’-সুপ্রিমো তথা প্রাক্তন বিটিসি-প্রধান প্রমোদ বোড়ো।
প্ৰসঙ্গত, ১৬ মার্চ অনুষ্ঠেয় রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ৫ মাৰ্চ। শেষ দিনে শাসক এবং শরিক দলের তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ খবর লেখা পর্যন্ত বিরোধী দলের কেউ মনোনয়ন পেশ না করায় বিনাপ্ৰতিদ্বন্দ্বিতায় এই তিন প্রার্থীর রাজ্যসভা-যাত্রা প্রায় নিশ্চিত।
১৬ মার্চ ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত। ওই দিন সন্ধ্যারাতের দিকে ঘোষণা করা হবে ফলাফল।
উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষ থেকে অসমের প্রতিনিধিত্বকারী ভূবনেশ্বর কলিতা, রামেশ্বর তেলি এবং অজিতকুমার ভুইয়াঁর মেয়াদ আগামী ৯ এপ্রিল শেষ হচ্ছে। ফলে এই তিনটি আসনে নির্বাচন প্ৰয়োজনীয় হয়ে পড়েছে।
প্ৰসঙ্গত বিজেপি-মনোনীত প্রার্থী যোগেন মোহন বর্তমানে রাজ্যের পরিবহণ, পার্বত্য এলাকা উন্নয়ন এবং আদিবাসী ও জনজাতীয় আস্থাবিষয়ক দফতরের মন্ত্রী।
অসমে মোট সাতটি রাজ্যসভা আসন রয়েছে। এর মধ্যে চারটি বিজেপির দখলে, একটি করে রয়েছে দলের জোটশরিক অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল এবং একটি নির্দল সদস্যের দখলে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস