
সেহারাবাজার, ৫ মার্চ (হি. স.) : ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে সিপিআইএম সহ বামফ্রন্টের বিভিন্ন শরিক দল। সেই কর্মসূচির অংশ হিসেবেই বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকায় বর্ধমান–আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকেরা।বাম নেতাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নাম করে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির মুখে পড়ছেন। তাঁদের দাবি, যাঁরা বৈধ ভোটার, তাঁদের প্রত্যেকের নাম অবিলম্বে ভোটার তালিকায় পুনরায় নথিভুক্ত করতে হবে। সমস্ত বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত না করে নির্বাচন করার কোনও প্রশ্নই উঠতে পারে না বলেও দাবি বাম নেতৃত্বের।এই দাবিকে সামনে রেখে সেহারাবাজার এলাকায় বর্ধমান–আরামবাগ রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভ শুরু করেন বাম কর্মীরা। রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে থমকে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। তবে বাম নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়