
ক্যানিং, ৫ মার্চ (হি.স.) : ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ও দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য রায়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার দুই শতাধিক প্রবীণ মানুষকে নিয়ে তীর্থভ্রমণের আয়োজন করা হল। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রায় ২০০ জনেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধাকে এবার নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ক্যানিং থেকে চারটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে তাঁদের দিঘার উদ্দেশ্যে রওনা করানো হয়। এই মহতী উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক পরেশ রাম দাস বলেন, “এলাকায় এমন অনেক প্রবীণ মানুষ রয়েছেন যাঁদের তীর্থ দর্শনের সাধ থাকলেও সাধ্য নেই। সেই সমস্ত মানুষদের কথা ভেবেই আমরা প্রতি বছর এই ধরনের ভ্রমণের আয়োজন করি। এবার তাঁদের দিঘার জগন্নাথ মন্দির দর্শনে পাঠানো হল। আগামী কয়েকদিন তাঁদের থাকা-খাওয়া ও ভ্রমণের সম্পূর্ণ দায়িত্ব আমাদের পক্ষ থেকেই বহন করা হবে।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা