
ঝাড়্গ্রাম, ৫ মার্চ (হি. স.) : বিজেপির পরিবর্তন রথযাত্রাকে ঘিরে ঝাড়গ্রামে তৃণমূলের ভাঙন আরও স্পষ্ট হল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিনপুর ২ ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি রাজীব মাহাত। তাঁর সঙ্গে তৃণমূলের আরও কয়েকজন নেতাকর্মীও এদিন বিজেপিতে যোগ দেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিবর্তন রথযাত্রার মঞ্চে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু ও রাজ্য সহ-সভাপতি সমিত দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাত, বিজেপি নেতা ও চিকিৎসক প্রণত টুডু-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বিজেপিতে যোগ দেওয়ার পর রাজীব মাহাত বলেন, রাজ্যে পরিবর্তন প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার অবস্থা বেহাল এবং শিল্পের অভাব রয়েছে। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের কর্মসূচিতে সামিল হতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, বিগত বছর রাজীব মাহাতকে যুব তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হয়েছিল। এর প্রতিবাদে বিনপুর ২ ব্লক ও বেলপাহাড়ি এলাকার প্রায় ৯১৬ জন বুথ, অঞ্চল ও ব্লক কমিটির যুব নেতা-কর্মী তৃণমূল ছাড়েন বলে দাবি ওঠে। বিষয়টি নিয়ে সে সময় সমাজমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়েছিল। পরে তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয় রাজীব মুর্মুকে।
রাজীব মাহাত দীর্ঘদিন ধরেই তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালে আরএমএস কলেজে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন তিনি। একই বছরে ভেলাইডিহা অঞ্চলের জব্বলপুর বুথের সভাপতি নির্বাচিত হন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভেলাইডিহা অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন। পরে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিনপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক এবং ২০২১ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্লক যুব তৃণমূল সভাপতির দায়িত্ব পালন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো