তেলিয়ামুড়ায় ৫ হাজার জনজাতি মহিলার মধ্যে বিনামূল্যে সুতা বিতরণ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৫ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশনের আওতায় খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার জনজাতি মহিলাদের মধ্যে বিনামূল্যে সুতা বিতরণ করা হয়। প্রায় পাঁচ হাজার জনজাতি মহিলার হাতে এই সুত
মহিলাদের হাতে সুতা তুলে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৫ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশনের আওতায় খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার জনজাতি মহিলাদের মধ্যে বিনামূল্যে সুতা বিতরণ করা হয়। প্রায় পাঁচ হাজার জনজাতি মহিলার হাতে এই সুতা তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, নারী ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে। একই সঙ্গে রাজ্য সরকার জনজাতি মহিলাদের বিনামূল্যে সুতা প্রদান করে রিশা ও অন্যান্য বস্ত্র তৈরির সুযোগ করে দিচ্ছে এবং তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থাও করছে, যাতে তাঁরা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন।

প্রধান অতিথি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতি সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও অবকাঠামো উন্নয়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের মাধ্যমে জনজাতি পরিবারের জন্য রাবার চাষের সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি রাজ্যে সামাজিক ভাতা ২ হাজার টাকা করা হয়েছে এবং জনজাতি সমাজপতিদের মাসিক ৫ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হচ্ছে।

ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিকে সামনে রেখে বর্তমান সরকার সমতল ও পাহাড়ি—উভয় এলাকার জনজাতি জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।

এদিন বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, বর্তমান সরকার উন্নয়ন ও জনকল্যাণের সরকার। মানুষের উন্নয়ন ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের লোকশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande