
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।
তিনি জানান, আগামী ৮ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় পর্যায়ক্রমে 'মহিলা জন সুনবাই' কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই 'জন সুনবাই'-এর মাধ্যমে মহিলারা তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা সরাসরি কমিশনের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
সূচি অনুযায়ী, ৮ মার্চ পশ্চিম জেলায়, ৯ মার্চ গোমতী ও সিপাহীজলা জেলায়, ১০ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলায়, ১১ মার্চ খোয়াই ও ধলাই জেলায়, ১২ মার্চ ঊনকোটি জেলায় এবং ১৩ মার্চ উত্তর ত্রিপুরা জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়াও, আগামী ৭ মার্চ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে মহিলা কমিশনের উদ্যোগে “তেরে মেরে স্বপ্নে” নামে একটি বিবাহ-পূর্ব যোগাযোগ কেন্দ্র চালু করা হবে। এই কেন্দ্রের মাধ্যমে প্রয়োজন হলে বিবাহের আগে যুবক-যুবতীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হবে বলে জানান চেয়ারপার্সন।
তিনি আরও জানান, আগামী ১৭ মার্চ সুকান্ত একাডেমিতে নির্বাচিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। পাশাপাশি ২০ মার্চ নজরুল কলাক্ষেত্রে পশ্চিম জেলার পাঁচজন ‘লাখপতি দিদি’-কে সংবর্ধনা প্রদান করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, সদস্য সচিব মাধব পালসহ কমিশনের অন্যান্য সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ