হোলির পরেই রক্তাক্ত পরিণতি, পানিপতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ
পানিপত , ৫ মার্চ (হি.স.) : শত্রুপক্ষের এক ব্যক্তির সঙ্গে হোলি খেলাকে কেন্দ্র করে হরিয়ানার পানিপতে এক যুবকের উপর নৃশংস হামলা চালিয়ে তাকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গ
হোলির পরেই রক্তাক্ত পরিণতি, পানিপতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ


পানিপত , ৫ মার্চ (হি.স.) : শত্রুপক্ষের এক ব্যক্তির সঙ্গে হোলি খেলাকে কেন্দ্র করে হরিয়ানার পানিপতে এক যুবকের উপর নৃশংস হামলা চালিয়ে তাকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ললিত (২২)। পরিবারের অভিযোগ, বুধবার রাতে বাড়িতে খাওয়া-দাওয়া সেরে ললিত বাইরে বের হন। সে সময় তিনি ভার্মা চকের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রায় ২০-২৫ জন হামলাকারী তাকে ঘিরে ধরে। অভিযুক্তদের হাতে লাঠি, কুড়াল এবং বরফ ভাঙার ধারালো অস্ত্র ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, হামলাকারীরা ললিতের উপর এলোপাথাড়ি আঘাত করতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে জখম করে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তার উপর পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, এলাকারই বাসিন্দা অজয় নামে এক ব্যক্তির সঙ্গে রাজেন্দ্র নামে আর এক ব্যক্তির পুরনো শত্রুতা ছিল। ললিত ওই রাজেন্দ্রের সঙ্গে হোলি খেলেছিলেন বলেই ক্ষুব্ধ হয়ে অজয় ও তার সঙ্গীরা এই হামলা চালায়। ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে অজয় ও তার সঙ্গীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande