
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে জিবিপি হাসপাতালে চালু হল একাধিক অত্যাধুনিক পরিষেবা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ট্রমা কেয়ার সেন্টার ও ট্রমা অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। একইসঙ্গে ১৬ শয্যা বিশিষ্ট রেসপিরেটরি জেরিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং আন্তর্জাতিক মানের গাইনো অপারেশন কমপ্লেক্সেরও সূচনা করা হয়।
উদ্বোধনের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। এই লক্ষ্যেই দিল্লির এইমস-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষর করা হয়েছে। সম্প্রতি এইমস-এর প্রধান রাজ্য সফরে এসে জিবিপি হাসপাতালে প্রায় ৩২০টি আইসিইউ শয্যার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই পর্যায়ক্রমে আইসিইউ শয্যা বাড়ানোর কাজ চলছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, এদিনের উদ্বোধনের পর জিবিপি হাসপাতালে মোট আইসিইউ শয্যার সংখ্যা দাঁড়াল ১১৬টি। নতুন ট্রমা অপারেশন থিয়েটারে একই ছাদের নিচে এমআরআই, সিটি স্ক্যানসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অর্থোপেডিক, নিউরোসার্জারি সহ সংশ্লিষ্ট বিভাগগুলিও এখানে যুক্ত থাকবে। ফলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মত গুরুতর ক্ষেত্রে রোগীদের অপারেশনের জন্য আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না।
তিনি আরও বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরেই একটি আধুনিক গাইনো অপারেশন কমপ্লেক্সের প্রয়োজন ছিল। আন্তর্জাতিক মান বজায় রেখেই এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এর ফলে বিশেষ করে মাতৃস্বাস্থ্য পরিষেবায় বড় ধরনের সুবিধা মিলবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন মিনা রানী সরকার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ