মধ্য হাওড়ায় গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বিএমডব্লিউ-সহ একাধিক গাড়ি
হাওড়া, ৬ মার্চ (হি. স.) : মধ্য হাওড়ার হালদারপাড়া লেনে একটি নামী গাড়ির শোরুমে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ একটি বহুতল আবাসনের একতলায় অবস্থিত ওই শোরুম থেকে প্রথম কা
মধ্য হাওড়ায় গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বিএমডব্লিউ-সহ একাধিক গাড়ি


হাওড়া, ৬ মার্চ (হি. স.) : মধ্য হাওড়ার হালদারপাড়া লেনে একটি নামী গাড়ির শোরুমে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ একটি বহুতল আবাসনের একতলায় অবস্থিত ওই শোরুম থেকে প্রথম কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন শোরুমের ভেতরে থাকা গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে এবং বিধ্বংসী রূপ ধারণ করে।

​ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের ফলে পার্শ্ববর্তী বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে বহুতলটির বাসিন্দাদের দ্রুত পিছনের দরজা দিয়ে বাইরে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

​প্রত্যক্ষদর্শী পিনাকি দাস জানান, শোরুমের ভেতরে থাকা একটি বিএমডব্লিউ গাড়িতে স্টার্ট দেওয়ার সময় আচমকা শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। সেখান থেকেই আগুন দ্রুত পুরো শোরুমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও শোরুমে থাকা অন্তত দু’টি নতুন গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande