ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার ইমেল হুমকিতে চাঞ্চল্য তিলোত্তমায়, তল্লাশিতে বম্ব স্কোয়াড
কলকাতা, ৬ মার্চ (হি.স.): কলকাতার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমে এই বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল


কলকাতা, ৬ মার্চ (হি.স.): কলকাতার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমে এই বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। এরপরই তড়িঘড়ি হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। খবর পাওয়া মাত্রই সক্রিয় হয় পুলিশ । লালবাজার থেকে বম্ব স্কোয়াডকে ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার খাতিরে আপাতত পুরো চত্বর খালি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে খবর লেখা পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় একই ধরনের হুমকি ভরা ইমেল পাঠানো হয়েছিল। সেই সময় কলকাতার সিটি সিভিল কোর্ট এবং রুবি মোড়ের কাছে পাসপোর্ট অফিসেও একই কারণে আতঙ্ক ছড়িয়েছিল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফওঁঁ) এই ঘটনার তদন্তভার হাতে নিলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ইমেলগুলি ঠিক কোথা থেকে পাঠানো হচ্ছে, তাও এখনও স্পষ্ট নয়।

বিগত কয়েকদিনে কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার পোস্ট অফিস চত্বরে থাকা পাসপোর্ট অফিসগুলিকে লক্ষ্য করে এই ধরনের ভুয়ো ইমেল পাঠানো হচ্ছে। অধিকাংশ ইমেলেই দাবি করা হচ্ছে যে, অফিস চত্বরে আরডিএক্স রাখা আছে এবং তা দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। যদিও তদন্তে প্রতিটি হুমকিই শেষ পর্যন্ত ভুয়ো প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও নিরাপত্তা সংস্থাগুলি কোনও ঝুঁকি নিতে নারাজ এবং নিয়ম মেনে এলাকা খালি করে তল্লাশি চালাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের ভিড় থাকে। এমন একটি ঐতিহাসিক স্থাপত্যকে কেন্দ্র করে বোমার হুমকিতে শহরজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি গুজরাটেও এই ধরনের হুমকির ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনায় গুজরাট পুলিশ উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে। এসটিএফ আধিকারিকরা আশা করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই নেটওয়ার্কের হদিস মিলবে। তার মধ্যেই ফের ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কেন্দ্র করে ইমেল হুমকি নিরাপত্তা সংস্থাগুলিকে আরও সতর্ক করে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande