
মাইবাং (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের মাইবাঙে সংগঠিত অপহরণ ও গুলিচালনার সঙ্গে জড়িত অভিযোগে দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে।
মাইবাং থানার ওসি হিমাংশু বড়গোহাঁইয়ের কাছে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকালে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে হরিচন্দ্রপুর গ্ৰামের বাসিন্দা সুরেশ খেরসা ওরফে হরিশ চন্দ্র (৪২) এবং আরেক সন্দেহভাজন ফাইডিং এলাকার হামসেন ডিব্রাগ্রে (৪১)-কে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, ধৃত অভিযুক্তরা গত বছরের (২০২৫) ২৫ এপ্রিল লংখোর এলাকা থেকে এক ট্রাকচালককে অপহরণের সঙ্গে জড়িত ছিল। এছাড়া চলতি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি দিখাখোরে সংগঠিত পুলিশের টহলদারী দলকে লক্ষ্য করে পরিচালিত গুলিচালনার ঘটনায় এরা জড়িত ছিল বলে জানিয়েছেন ওসি হিমাংশু বড়গোহাঁই।
তিনি জানান, গত প্রায় এক বছর ধরে ট্রাকচালককে অপহরণের সঙ্গে জড়িত অভিযুক্তকে খুঁজছিল জেলা পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস