
হরিহরপাড়া, ৭ মার্চ (হি. স.) : বিধানসভা ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার হরিহরপাড়া ব্লকের বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর মাঠ সংলগ্ন একটি পুকুরের ধারে পড়ে থাকা সন্দেহজনক একটি নাইলনের ব্যাগ ঘিরে এই ঘটনাটি সামনে আসে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষকের নজরে পড়ে পুকুরের ধারে পড়ে থাকা একটি নাইলনের ব্যাগ। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে দেখে, তার মধ্যে একাধিক সকেট বোমা রয়েছে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমাভর্তি ব্যাগটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সঙ্গে যোগাযোগ করা হয়। কে বা কারা ওই বোমাগুলি সেখানে রেখে গেছে এবং কী উদ্দেশ্যে তা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।বিধানসভা ভোটের আগে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা আশরাফুল মোল্লা জানান, মাঠে পড়ে থাকা ব্যাগ দেখে প্রথমে সন্দেহ হয়। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়