
কলকাতা ও মালদা, ৭ মার্চ (হি. স.): ডদীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিবুর রহমান। সামাজিক মাধ্যমে ‘গরিবের বন্ধু’ নামে পরিচিত মতিবুর শনিবার কলকাতার তৃণমূল ভবনে গিয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে গত এক বছর ধরে দলীয় রাজনীতির বাইরে থেকে হরিশ্চন্দ্রপুর এলাকায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মতিবুর। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যেই এলাকায় একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।সম্প্রতি তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেন। তার ঠিক পরেই তৃণমূলে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।উল্লেখ্য, বর্তমান মন্ত্রী তাজমুল হোসেনকে ঘিরে দলীয় অন্দরে কিছু ক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছে। সেই পরিস্থিতিতে তৃণমূল কি এবার সমাজসেবী মতিবুর রহমানকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়