ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সামনে সাত ভোটারের ধর্না
শ্যামপুর, ৭ মার্চ (হি. স.) : ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে হাওড়ার শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন সাতজন ভোটার। তাঁদের মধ্যে চারজন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ছুটির দিন
ভোটার তালিকায় নাম বাদ


শ্যামপুর, ৭ মার্চ (হি. স.) : ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে হাওড়ার শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন সাতজন ভোটার। তাঁদের মধ্যে চারজন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ছুটির দিন হলেও ধর্নার খবর পেয়ে দ্রুত পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে যান খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল সামন্ত।স্থানীয় সূত্রে জানা গেছে, খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর গ্রামের ১৫১ নম্বর বুথে এই সাতজনের নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে বলে জানানো হয়। আশ্চর্যের বিষয়, বাতিল হওয়া ভোটারদের কেউই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নন। অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। তবুও চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় তাঁদের নাম বাতিল করা হয়েছে।এরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে পড়েন ওই ভোটাররা। ভোটাধিকার হারানোর আশঙ্কায় তাঁরা গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন এবং বিষয়টির দ্রুত সমাধান দাবি করেন। এদিকে সমস্যার সমাধান কোথায় হবে তা বুঝে উঠতে না পেরে প্রশাসনের বিভিন্ন দফতরে দৌড়ঝাঁপ শুরু করেছেন ওই ভোটাররা।ঘটনার জেরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande