
নিউ ব্যারাকপুর, ৭ মার্চ (হি. স.) : অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে শনিবার এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হলো। নিউ ব্যারাকপুরের কৃষ্টি অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্যোক্তা ছিল ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন (বিআরএমজিএসইউ)। এদিনের সভায় বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক, শ্রমিক নেতা ও সংগঠনের প্রতিনিধিরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার রক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের নিজেদের আইনী অধিকার এবং সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে আরও সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে বিআরএমজিএসইউ-র জাতীয় সভাপতি ড. পরিমলকান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক ইন্দু শেখর চক্রবর্তী এবং জাতীয় আহ্বায়ক কাশীনাথ গায়েন-সহ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গুডস শেড শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, গিগ কর্মী, অটোচালক, বিড়ি শ্রমিক এবং গৃহ শিক্ষকদের মতো অসংগঠিত ক্ষেত্রের বিভিন্ন পেশার মানুষেরা অংশ নেন। আলোচনায় নতুন শ্রম কোড, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার বিস্তারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
এদিনের মঞ্চ থেকেই প্রধান অতিথি বিআরএমজিএসইউ প্রকাশিত মাসিক শ্রমিক পত্রিকা ‘শ্রমিক ভারত’-এর প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ড. মণ্ডল জানান, এই পত্রিকা শ্রম আইন ও শ্রমিকদের অধিকার সম্পর্কে তৃণমূল স্তরে সচেতনতা বাড়াতে বিশেষ সহায়ক হবে। সামগ্রিকভাবে, অসংগঠিত শ্রমিকদের অধিকার রক্ষায় ঐকবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত