
হাওড়া, ৭ মার্চ (হি. স.) : রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার ডবসন রোডে বিক্ষোভে সামিল হল মহিলা কংগ্রেস কর্মীরা। শনিবার হাতে হাতা, খুন্তি, কড়াই, ব্যানার ও পোস্টার নিয়ে রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। “হাতা খুন্তি কড়াই, চলো মোদীকে তাড়াই” স্লোগান তুলে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা।সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার পিছু ৬০ টাকা দাম বাড়ানোর ঘোষণা করেছে। গত ১১ মাসে এটি দ্বিতীয়বার গ্যাসের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় ইজরায়েল ও আমেরিকার ইরানে যৌথ হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে বহু জাহাজ আটকে পড়েছে। এর ফলে দেশে তেল ও এলপিজি আমদানিতে সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।এই পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের উপর পড়ছে বলে অভিযোগ বিরোধীদের। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই খারাপ। মানুষের হাতে পর্যাপ্ত টাকা নেই। তার মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়ানোয় চাপে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলি।তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়