
কলকাতা, ৭ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এক বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করল বেদান্ত গোষ্ঠী। শনিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সংগঠনের সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব বর্তমানে থাকা শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই সঙ্গে খনি, ধাতু, তেল-গ্যাস, বিদ্যুৎ ও প্রযুক্তি ক্ষেত্রে মহিলাদের কর্মজীবনে উৎসাহিত করতে ‘HerAtTheCore’ নামে দেশজুড়ে একটি প্রচার অভিযান এবং লিঙ্কডইন-ভিত্তিক বিশেষ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ভারতের বার্ষিক শিল্প সমীক্ষা (এএসআই) অনুযায়ী, ২০২৩–২৪ সালে বিভিন্ন শিল্পক্ষেত্রে সরাসরি কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ছিল প্রায় ১৮ শতাংশ। তবে খনি ও ধাতুর মতো ভারী শিল্পক্ষেত্রে সেই হার মাত্র ৬ শতাংশের আশেপাশে। এই লিঙ্গবৈষম্য ঘোচাতেই ‘HerAtTheCore’ উদ্যোগের মাধ্যমে ওই চ্যালেঞ্জিং ক্ষেত্রগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে বেদান্ত।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের মোট কর্মীদের প্রায় ২৩ শতাংশই মহিলা, যা জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর প্রিয়া আগরওয়াল হেব্বর বলেন, “ভারতের সার্বিক উন্নয়নের জন্য দেশের পূর্ণ প্রতিভার সদ্ব্যবহার ও অংশগ্রহণ প্রয়োজন। আমাদের লক্ষ্য ধাপে ধাপে নারী প্রতিনিধিত্ব ৩৫ শতাংশে এবং ভবিষ্যতে ৫০ শতাংশে নিয়ে যাওয়া।”
নারীদের জন্য প্রযুক্তি নির্ভর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি, মাতৃত্বকালীন ছুটির পর কর্মজীবনে ফেরার জন্য বিশেষ ‘রিটার্নশিপ’ কর্মসূচি, নমনীয় কাজের সময় এবং নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত