
আগরতলা, ৭ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং এর মহিলা শাখা জেন্ডার কাউন্সিল-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবিবার সকাল ১১টায় আগরতলা প্রেসক্লাবে এই অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত ৫০ জন মহিলা সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দু’জন মহিলা সাংবাদিককে যথাক্রমে “অনন্যা সংবাদ যোদ্ধা সম্মাননা” এবং “শক্তিরূপা সম্মাননা–২০২৬” প্রদান করা হবে।
শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মহিলা সাংবাদিক চিত্রা রায়। তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ও জেন্ডার কাউন্সিল-এর যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত মহিলা সাংবাদিকদের রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান চিত্রা রায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ