
আগরতলা, ৭ মার্চ (হি.স.) : এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে ত্রিপুরায় গৃহস্থালির ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামও ১১৪ টাকা বাড়ানো হয়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গ্যাস এজেন্সি সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত ত্রিপুরায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছিল ৯৭৮ টাকা ৪০ পয়সা দামে। শনিবার থেকে তার নতুন দাম দাঁড়িয়েছে ১০৩৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এক লাফে সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়েছে।
অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রেও বড়সড় বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত যে বাণিজ্যিক সিলিন্ডার ২২৫৫ টাকায় বিক্রি হচ্ছিল, শনিবার থেকে তার দাম বেড়ে হয়েছে ২৩৬৯ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্রতি ১১৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার আবহে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে হঠাৎ করে এতটা দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। শনিবার রাজধানী আগরতলায় একটি গ্যাস এজেন্সির কাউন্টারের সামনে দাঁড়িয়ে জনৈক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, এক লাফে ৬০ টাকা বাড়ায় সংসারের খরচ আরও বেড়ে গেল। সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে গৃহস্থালিতে অতিরিক্ত গ্যাস মজুত রোধ করতে নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, একটি সিলিন্ডার পাওয়ার পর পরবর্তী সিলিন্ডারের জন্য বুকিং করতে হলে অন্তত ২১ দিন অপেক্ষা করতে হবে। আগে এই ব্যবধান ছিল ১৫ দিন।
সরকারি সূত্রের মতে, সম্ভাব্য সরবরাহ ঘাটতি ও ‘প্যানিক বুকিং’ ঠেকাতে এলপিজি মজুতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হঠাৎ এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের সংসার খরচে নতুন চাপ সৃষ্টি করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ