অসম থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এনডিএ-র তিন প্রার্থী, অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ৯ মাৰ্চ (হি.স.) : অসম থেকে রাজ্যসভায় বিজেপির দুই যোগেন মোহন ও তেরশ গোয়ালা এবং জোটশরিক ‘ইউনাইটেড পিপলস পাৰ্টি লিবারেল’ (ইউপিপিএল)-সুপ্রিমো তথা প্রাক্তন বিটিসি-প্রধান প্রমোদ বোড়ো সহ মোট তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছ
বিজয়ী তিন যোগেন মোহন, তেরশ গোয়ালা এবং প্রমোদ বোড়ো


গুয়াহাটি, ৯ মাৰ্চ (হি.স.) : অসম থেকে রাজ্যসভায় বিজেপির দুই যোগেন মোহন ও তেরশ গোয়ালা এবং জোটশরিক ‘ইউনাইটেড পিপলস পাৰ্টি লিবারেল’ (ইউপিপিএল)-সুপ্রিমো তথা প্রাক্তন বিটিসি-প্রধান প্রমোদ বোড়ো সহ মোট তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ী তিন এনডিএ প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের সময় পার হয়ে যাওয়ার পরই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিৰ্বাচিত বিজেপির দুই প্ৰাৰ্থী যোগেন মোহন, তেরশ গোয়ালা এবং ইউপিপিএল-এর প্রমোদ বোড়োর নাম ঘোষণা করেছেন নিৰ্বাচনী আধিকারিক রাজীব ভট্টাচাৰ্য। নাম ঘোষণার পর তিনি বিজয়ী তিন প্ৰাৰ্থীর হাতে প্ৰমাণপত্ৰ অৰ্পণ করেন।

মূলত, বিরোধী দলের কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় এই তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে্ছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী তিন নেতার ছবি পোস্ট করে তাঁদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁরা সংসদে অসমের স্বার্থ দৃঢ়ভাবে তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অসম থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমাদের এনডিএ প্রার্থী শ্রী যোগেন মোহন, শ্রী তেরশ গোয়ালা এবং শ্রী প্রমোদ বোড়োকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত, রাজ্যসভায় তাঁরা দক্ষতার সঙ্গে অসমের বিষয়গুলো তুলে ধরবেন এবং সংসদে আমাদের কেন্দ্রীয় সরকারের জাতীয়তাবাদী ও উন্নয়নমূলক কর্মসূচিকে সমর্থন করে রাজ্যের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন।’

প্রসঙ্গত, প্রমোদ বোড়োর জন্য এই নির্বাচন তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য হচ্ছেন। এর আগে তিনি বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল-এর প্রধান কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল-এর গত নির্বাচনে পরাজয় বরণ করেন।

বর্তমানে অসমের রাজ্যসভায় মোট সাতটি আসন রয়েছে। এবার যে তিনটি আসনের জন্য নির্বাচন হয়েছে, সেগুলো আগামী ৯ এপ্রিল বর্তমান সাংসদ ভূবনেশ্বর কলিতা, রামেশ্বর তেলি এবং অজিতকুমার ভুইয়াঁর মেয়াদ শেষ হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande