
সিউড়ি, ১ এপ্রিল (হি. স.): সিউড়ি বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগ, সিউড়ি বিধানসভার ১৬৮ নম্বর বুথের বুথ সভাপতি উপেন দাসকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হেনস্থা করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপি প্রার্থী বলেন, নির্বাচন চলাকালীন বুথ সভাপতিকে এভাবে হেনস্থা করা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও কয়েক দিন আগে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কেরাম খেলতে দেখা যাওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ না করে শাসকদলের প্রভাবেই কাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়