মগরাহাটে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে সিপিএমের বিক্ষোভ
মগরাহাট, ১ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকায় ভোটার তালিকা থেকে কয়েক হাজার মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে মগরাহাট-২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভে সামিল হন সিপিএমে
মগরাহাট  - (পূর্ব)


মগরাহাট, ১ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকায় ভোটার তালিকা থেকে কয়েক হাজার মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে মগরাহাট-২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভে সামিল হন সিপিএমের কর্মী-সমর্থকরা। তাঁদের সঙ্গে যোগ দেন সেই সমস্ত সাধারণ মানুষও, যাঁদের নাম সদ্য প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, বৈধ নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও অকারণে কয়েক হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংশোধনের নামে সাধারণ মানুষকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে তাঁরা অভিযোগ তুলেছেন।

​এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সিপিএম প্রার্থী চন্দন নস্কর অভিযোগ করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” বিক্ষোভকারীরা এদিন মগরাহাটের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের (বিডিও) কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, অবিলম্বে বাদ পড়া নামগুলি পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

​অন্যদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে গভীর অনিশ্চয়তা ও দুশ্চিন্তা তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে প্রবীণ নাগরিক থেকে শুরু করে পেনশনভোগী ও সরকারি কর্মচারীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব, সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ক্রমশ বাড়ছে। নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে মগরাহাট এলাকায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande