
নন্দীগ্রাম, ১ এপ্রিল (হি. স.):-নন্দীগ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মীদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার ভেকুটিয়া অঞ্চলের দেওয়ানচক গ্রামে তিনি বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মী রাকিবুলসহ একাধিক কর্মীর সঙ্গে দেখা করেন।বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের সংকীর্ণ রাজনীতির কারণে বিজেপির সংখ্যালঘু কর্মীদের সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করছে। এমনকি পানীয় জল বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিন শুভেন্দু অধিকারী এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, কোনও রাজনৈতিক কারণে কাউকে সামাজিকভাবে বয়কট করা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় এবং বিজেপি কর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দল সর্বদা পাশে থাকবে।এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়