ত্রিপুরায় পেট্রোল-ডিজেল ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, দাবি খাদ্য দফতরের
আগরতলা, ১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা জুড়ে পেট্রোল, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানাল রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর। বুধবার দফতরের আধিকর্তার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান
খাদ্য দফতরের সচিবের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা জুড়ে পেট্রোল, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানাল রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর। বুধবার দফতরের আধিকর্তার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান খাদ্য দফতরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন।

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় জ্বালানি ও প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোথাও সরবরাহে বিঘ্ন ঘটেনি। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই রাজ্য সরকার পেট্রোল, ডিজেল, এলপিজি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।

এদিন তিনি আরও জানান, বর্তমানে ত্রিপুরায় এলপিজি সংযোগের সংখ্যা প্রায় ৭০ হাজার। আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এলপিজি বিতরণ ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি-র মূল্য ২,৫৮৭ টাকা বলে জানান তিনি। বাজারে যাতে কোনওভাবে এলপিজি, পেট্রোল বা ডিজেলের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কালোবাজারি রুখে দেওয়া যায়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে উল্লেখ করেন বিশেষ সচিব।

তিনি সতর্ক করে বলেন, জ্বালানি বা নিত্যপণ্যের মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই খাদ্য দফতরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নজরদারি জোরদার করা হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দফতরের আধিকর্তা সুমিত লোধসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা সকলেই আশ্বাস দেন, সাধারণ মানুষের কোনও অসুবিধা যাতে না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande