
বিধাননগর, ১ এপ্রিল (হি. স.): বাংলায় বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দু সমাজের সকল ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানালেন সর্ব ভারতীয় সংগঠন সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদ মিলিন্দ পারান্ডে। বুধবার তিনি বলেন, সংগঠনের কাজে বিভিন্ন রাজ্যে ঘুরে তিনি দেখেছেন বহু রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে, কিন্তু বাংলার পরিস্থিতি উদ্বেগজনক।তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ও মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে, যা দেশের নিরাপত্তার জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলি জমি চেয়েছিল এবং সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এস আই আর প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে এবং নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিরপেক্ষভাবে কাজ করছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ধন্যবাদ জানান।তিনি বাঙালি হিন্দু সমাজের উদ্দেশ্যে বলেন, ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার, তাই সকলের উচিত নির্ভয়ে ভোট দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা, সংস্কৃতি ও ভবিষ্যতের স্বার্থে সচেতনভাবে ভোট দেওয়া অত্যন্ত জরুরি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়