
উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি.স.): বুধবার বনগাঁয় ভাঙন তৃণমূলে। একদল আইনজীবী যোগ দিলেন বিজেপিতে।
বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলায় বনগাঁ মহকুমা আদালতের বরিষ্ঠ আইনজীবী-সহ ১০ জন আইনজীবী তৃণমূল ছেড়ে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ ও বিজেপির প্রার্থী অশোক কীর্তনীয়ার হাত ধরে এই দলবদল করেন।
এ প্রসঙ্গে বরিষ্ঠ আইনজীবী সমীর ঘোষ বলেন, ২০১২ থেকে ২০১৭-- এই পাঁচ বছর সরকারি পিপি ছিলাম, কিন্তু তৃণমূলের দুর্নীতি দেখে আমি সেই পদ থেকে সরে আসি। এই দলের কোনও শৃঙ্খলাবদ্ধতা নেই, সমাজবিরোধী, দুর্নীতির কারণে দল ছাড়তে বাধ্য হয়েছি।
এ বিষয়ে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া বলেন, এখানে যে তৃণমূল প্রার্থী হয়েছেন, তাঁর চরিত্রে, তাঁর কালচারে মানুষ বীতশ্রদ্ধ। আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী মহল, ভ্যানওয়ালা, টোটোওয়ালা সবাই। বিশ্বজিৎ দাস ৫০ হাজার ভোটে হারবেন। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, দল ভেতরে-ভেতরে আস্তে-আস্তে ভেঙে যাচ্ছে। যাঁরা সাহস করছেন, তাঁরা বিজেপিতে যোগদান করছেন।
অন্য দিকে, যোগদানের প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি, ১০ জন আইনজীবী নয়, একজন আইনজীবী। যিনি দলবদলু, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত