(লিড) আমেরিকা-ইরান বৈঠক ইসলামাবাদে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে নজর
ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি.স.) : পশ্চিম এশিয়ার সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শনিবার পাকিস্তানের ইসলামাবাদের সেরেনা হোটেলে শুরু হল আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এই আলোচনার দিকে নজর রয়েছে আন্তর্জা
(লিড) আমেরিকা-ইরান বৈঠক ইসলামাবাদে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে নজর


ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি.স.) : পশ্চিম এশিয়ার সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শনিবার পাকিস্তানের ইসলামাবাদের সেরেনা হোটেলে শুরু হল আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এই আলোচনার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জে.ডি. ভ্যান্স। তাঁর সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ বাগের গালিবাফ, তাঁর সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি।

পাকিস্তানি সূত্রে জানা গিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম উভয় দেশের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী রূপ দিতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এরপর পাল্টা আঘাত হানে ইরান, যার জেরে গোটা পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে ওঠে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে এনে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হয়। এই প্রেক্ষিতেই ৮ এপ্রিল আমেরিকার তরফে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ফের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে ইরানও নিষেধাজ্ঞা শিথিল ও সম্পদ মুক্তির মতো শর্ত সামনে রেখেছে।

এই বৈঠকের ফলাফল পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande