
কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): কিংবদন্তি সুরপ্রতিভা আশা ভোঁসলের মৃত্যুতে সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর এই প্রয়াণ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। আপামর বাঙালির কাছে ছুটির দিনের ভরদুপুরে এ এক চরম দুঃসংবাদ। সুরসম্রাজ্ঞীর মহাপ্রয়াণে এক বাকরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে গতকাল রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এই শোকাবহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বার্তায় লিখেছেন— “মহান সঙ্গীতপ্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ী ও মুগ্ধকর শিল্পী, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন।”মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, “তিনি বহু বাংলা গান গেয়েছেন এবং বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আমরা ২০১৮ সালে তাঁকে আমাদের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ প্রদান করতে পেরেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত