
সরুপনগর, উত্তর ২৪ পরগনা, ১২ এপ্রিল (হি. স.): রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরুপনগরে অভিনব প্রচারে নজর কেড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনা মণ্ডল। রবিবার সকাল থেকেই তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ইছামতি নদীতে নৌকায় চেপে প্রচারে বের হন। নদীপথে এই প্রচার ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়।নদীর দু’ধারের বাসিন্দা থেকে শুরু করে মৎস্যজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী। নৌকায় করে ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে যাঁরা ভোরবেলা মাছ ধরতে নদীতে নামেন বা নদীর পাড়ে বসবাস করেন, তাঁদের কাছেও পৌঁছে যান তিনি।রাজ্যের বিভিন্ন জায়গায় যখন প্রার্থীদের ভিন্নধর্মী প্রচার যেমন খোলা জিপে ঘোরা বা বাড়িতে গিয়ে রান্না করার ছবি দেখা যাচ্ছে, তখন সরুপনগরে নদীপথে প্রচার এক নতুন মাত্রা যোগ করেছে। বিনা মণ্ডল জানান, তাঁর লক্ষ্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা।স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সরুপনগরে রাজনৈতিক প্রচার আরও জোরদার হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়