
বাঁকুড়া, ১২ এপ্রিল (হি.স.) : রাজনৈতিক নেতা-নেত্রীদের তুলনায় কী এখন সাধারণ ভোটারদের কাছে বিনোদন জগতের তারকাদের কদর বেশি? বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, এই প্রশ্নই ক্রমশ চর্চার কেন্দ্রে উঠে আসছে।
রাজ্যের বিভিন্ন জেলার মতোই বাঁকুড়াতেও এবার নির্বাচনী প্রচারে নামানো হয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখকে। তৃণমূল কংগ্রেসের হয়ে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা দেব এবং সায়নী ঘোষ প্রচারে অংশ নিচ্ছেন। অন্যদিকে, বিজেপির হয়ে প্রচারে নেমেছেন অভিনেতা তথা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।
রবিবার সকালে ইন্দাসের আকুইয়ের দক্ষিণপাড়া থেকে ফানরিমোড় পর্যন্ত রোড শো করেন শতাব্দী রায়। এরপর কোতুলপুরের নেতাজি মোড়ে জনসভা এবং হেতিয়ায় রোড শোতেও দেখা যায় বিপুল জনসমাগম। এর আগে জেলায় রোড শো ও জনসভা করেছেন দেব ও সায়নী ঘোষও। তাঁদের প্রচার ঘিরেও উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, বিজেপির প্রার্থী বিল্লেশ্বর সিনহার সমর্থনে বড়জোড়া বিধানসভা কেন্দ্রে রোড শো করতে এসে মিঠুন চক্রবর্তীর উপস্থিতিও ব্যাপক কৌতূহল তৈরি করে। তাঁর সভা ঘিরেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাঁকুড়ায় এসে মিঠুন চক্রবর্তী টালিগঞ্জের রাজনীতি নিয়েও সরব হন। তিনি দাবি করেন, তাঁর সময় টলিউডে রাজনীতির প্রভাব ছিল না, কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। সাংবাদিক বৈঠকে তিনি টলিউডের রাজনৈতিক সিন্ডিকেট নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই স্টুডিওপাড়ায় উত্তেজনা ছড়িয়েছে। শিল্পীদের সম্মিলিত সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে এবং শুটিংয়ের নিরাপত্তা নিয়ে কলাকুশলীরা সরব হয়েছেন। এই প্রেক্ষাপটে মিঠুনকে বারবার টলিউডের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে দেখা গেছে।
এদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে ইস্যু তৈরির চেষ্টা করছেন মিঠুন চক্রবর্তী এবং মানুষের আবেগকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে তারকা প্রচারের এই বাড়তি গুরুত্ব রাজনীতির প্রচলিত ধরনকেই বদলে দিচ্ছে এবং সাধারণ ভোটারদের আকর্ষণে নতুন মাত্রা যোগ করছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট