
ঝাড়গ্রাম, ১২ এপ্রিল (হি.স.) : সামনের পায়ে আঘাত লাগায় গত কয়েকদিন ধরেই চলাফেরায় সমস্যায় ভুগছিল জঙ্গলমহলের পরিচিত স্থায়ী হাতি ‘রামলাল’। তার অসুস্থতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই উদ্বেগ ছড়ায় স্থানীয়দের মধ্যে। বর্তমানে বনদফতরের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ঝাড়গ্রামের ডিএফও উমার ইমাম নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে চিকিৎসার তদারকি করছেন। রবিবার বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে চিকিৎসা চলার পর এখন হাতিটি কিছুটা হলেও চলাফেরা করতে পারছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ‘রামলাল’-এর সঙ্গে আর একটি হাতি ‘শ্যামলাল’-এর সংঘর্ষ হয়। সেই লড়াইয়ের পরই রামলালের সামনের পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর থেকেই অসুস্থ অবস্থায় জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল সে। বর্তমানে মাণিকপাড়া রেঞ্জের গোবিন্দপুর জঙ্গলে রয়েছে হাতিটি। বেশিরভাগ সময় তাকে বসে বা শুয়ে থাকতে দেখা যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের কাছে রামলালের প্রতি আলাদা আবেগ রয়েছে। তার খাবারের ব্যবস্থাও করছেন এলাকার মানুষজন। এমনকি চালকলের দরজা পর্যন্ত তার জন্য খোলা রাখা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও দুষ্কৃতীদের তীরবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছিল রামলাল। তখনও বনদফতরের উদ্যোগে তার চিকিৎসা করা হয়।
এই প্রসঙ্গে ডিএফও উমার ইমাম জানান, “বয়সজনিত কারণের সঙ্গে অন্য হাতির সঙ্গে সংঘর্ষে আঘাত পাওয়ায় হাতিটির অবস্থা খারাপ হয়েছিল। গত দু’দিন ধরে চিকিৎসা শুরু হয়েছে এবং এখন আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো