
গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : কিংবদন্তি কণ্ঠশিল্পী পদ্ম বিভূষণ আশা ভোঁসলের প্ৰয়াণের খবরে সমগ্র ভারত শোকস্তব্ধ। দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত বিশিষ্ট শিল্পীর মহাপ্রয়াণে অসম প্রদেশ বিজেপি গভীর শোক প্রকাশ করেছে।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থেকে হিন্দি, বাংলা, মারাঠি সহ ২০-এর বেশি ভারতীয় ভাষা এবং একাধিক বিদেশি ভাষায় গান গেয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, তা সমগ্র দেশবাসীর জন্য এক অমূল্য সম্পদ বলে প্রদেশ বিজেপি মনে করে।
বিজেপির অসম প্রদেশ কমিটির অন্যতম মুখপাত্র প্ৰাঞ্জল কলিতা এক শোকবার্তায় বলেছেন, বিশ্ব সংগীত ইতিহাসে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার নজির গড়া আশা ভোঁসলের প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। প্রখ্যাত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দল তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস