২০২১-এর তুলনায় ভোট বাড়বে, টিটিএএডিসি নির্বাচনে আশাবাদী কংগ্রেস
আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটএএডিসি) নির্বাচনকে ঘিরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ইভিএম নিয়ে কংগ্রেসের দীর্ঘদি
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটএএডিসি) নির্বাচনকে ঘিরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ইভিএম নিয়ে কংগ্রেসের দীর্ঘদিনের সংশয়ের কথা পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, “ইভিএম ব্যবস্থার উপর আমাদের সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের স্বার্থে আমরা নির্বাচনে লড়াই করেছি।”

তিনি এদিন ভোটারদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশ নিয়েছেন, তা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এবারের নির্বাচনে কংগ্রেস মোট ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বলেও জানান তিনি।

ভোটের হার প্রসঙ্গে প্রবীর চক্রবর্তী বলেন, “২০২১ সালের টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল মাত্র ২.২৪ শতাংশ। তবে এবারের নির্বাচনে সংগঠনের পুনর্গঠন ও তৃণমূল স্তরে সক্রিয়তার ফলে সেই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কিছু ভোটকেন্দ্রে কংগ্রেসের পোলিং এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। দুষ্কৃতিকারীদের এই ধরনের আচরণ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবুও প্রতিকূলতা কাটিয়ে কংগ্রেস পাঁচ শতাধিক ভোটকেন্দ্রে নিজেদের পোলিং এজেন্ট নিয়োগ করতে সক্ষম হয়েছে বলে জানান।

প্রবীর চক্রবর্তীর মতে, এই বিষয়টি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিরই প্রমাণ। তিনি বলেন, “বিগত কয়েক বছরের তুলনায় আমাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়েছে। এই নির্বাচন সেই অগ্রগতির প্রতিফলন ঘটাবে বলে আমরা বিশ্বাস করি।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande