
আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর এবারের নির্বাচনে গতবারের তুলনায় উল্লেখযোগ্য হারে ভোটদানের বৃদ্ধি ঘটেছে বলে মন্তব্য করেছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তাঁর মতে, বিপুল সংখ্যক ভোটদানের মাধ্যমে সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাঁদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা বরাবরই উচ্চ ভোটদানের ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান ধরে রেখেছে। এবারের নির্বাচনেও সেই ধারা বজায় রয়েছে। তাঁর কথায়, “টিটিএএডিসি এলাকার মানুষের এত বেশি ভোট দেওয়া প্রমাণ করে যে, তারা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সচেতনভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।”
তবে ভোটের হার বৃদ্ধি পেলেও নির্বাচনকে ঘিরে সহিংসতার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্রদ্যোৎ কিশোর দেববর্মন অভিযোগ করেন, ত্রিপুরায় নির্বাচনকেন্দ্রিক সন্ত্রাসের প্রবণতা ক্রমশ বাড়ছে এবং এই ক্ষেত্রে রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরলের মতো পরিস্থিতির দিকে এগুচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, এই পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বরং প্রায় সব দলের মধ্যেই কিছু অসাধু ও সন্ত্রাসপ্রবণ ব্যক্তি আশ্রয় নিচ্ছে। “এই ধরনের সন্ত্রাসীদের কোনও জাত বা ধর্ম নেই। তারা সুবিধা অনুযায়ী যে কোনও দলে ঢুকে পড়তে পারে। তাই কোনও রাজনৈতিক দলেরই উচিত নয় এদের মদত দেওয়া,”—মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে তিনি সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরার বিশেষ গুরুত্বের কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য, অরুণাচল প্রদেশ চীনের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। সেই তুলনায় ত্রিপুরাও বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, ফলে এই রাজ্যের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এই প্রসঙ্গে তিনি সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একযোগে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান, যাতে ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ