
আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এদিন বিকেলে আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল ভোটকর্মী, নিরাপত্তারক্ষী এবং দলীয় কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান।
সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতি উন্নয়ন ও কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জনজাতি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে টিটিএএডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা ব্যক্ত করে বলেন, টিটিএএডিসিতে বিজেপি সরকার গঠন করতে সক্ষম হবে এবং এর ফলে রাজ্যে “ট্রিপল ইঞ্জিন” সরকারের প্রতিষ্ঠা হবে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে “ডাবল ইঞ্জিন” সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, টিটিএএডিসিতেও বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং জনজাতিদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তবে ভোটগ্রহণকে ঘিরে কিছু বিক্ষিপ্ত ঘটনার কথাও স্বীকার করেন তিনি। এ প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য জানান, এই ঘটনাগুলি ইতিমধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নজরে আনা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রিটার্নিং অফিসাররা বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
সবমিলিয়ে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রদেশ বিজেপি সভাপতি। একইসঙ্গে তিনি আশা করেন, জনগণের রায়ে টিটিএএডিসিতে বিজেপি আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে এবং আগামী দিনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ