
কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): রাজ্যে বিধানসভা ভোটের প্রাক্কালে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে থাকছেন কমিশনের আরও দুই শীর্ষ আধিকারিক অভিনব আগরওয়াল ও এসবি জোশি।
আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, আগামীকাল রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।
তার আগে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চান নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা বঙ্গে এসে প্রথমেই যেতে পারেন দুর্গাপুরে। সেখানে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। আর একটি টিম যেতে পারে উত্তরবঙ্গে। আধিকারিকরা একেবারে ময়দানে নেমে পরিস্থিতি খতিয়ে দেখবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ