
মালদা, ১২ এপ্রিল, (হি.স.): মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় এনআইএ- র হাতে গ্রেফতার হল গোলাম রব্বানি নামে এক ব্যক্তি। রবিবার গিয়েছে, এই ব্যক্তি পঞ্চায়েত সদস্য। এনআইএ আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছিল ১২টি এফআইআর করে।
এসআইআর- এ বিচারাধীনদের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে যুক্ত করা হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। তাঁদের উপরেই নজিরবিহীন হামলা হয় মালদার মোথাবাড়িতে। পুলিশ যাদের গ্রেফতার করেছিল, তাদের এনআইএ যাতে হেফাজতে নিতে পারে তার জন্য আদালতে পেশ করতে বলা হয়েছিল। এনআইএ- এর তরফ থেকেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে এনআইএ। তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
এরপর গোলাম রব্বানি যিনি মোথাবাড়ি এলাকার পঞ্চায়েত সদস্য এবং আইএসএফ সদস্য বলেও জানা যাচ্ছে, তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মোথাবাড়িতেই গ্রেফতার করা হয়।
এই ব্যক্তিকে গ্রেফতারের দুটো কারণ এনআইএ সূত্রে জানা গিয়েছে। প্রথমত, গত ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে যেখানে বিচারকদের উপর হামলা হয়েছিল এবং তাঁদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল ও পরে রাতে তাঁদের উদ্ধারের সময়েও যে ধাওয়া করা হয়েছিল, রাস্তায় গাছ, বাঁশ ফেলে আটকানোর চেষ্টা হচ্ছিল, এই ঘটনায় যারা যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন এই গোলাম রব্বানি। দ্বিতীয়ত ঘটনার দিন, ওই এলাকায় যে জমায়েত হয়েছিল সেখানে যাঁরা এসেছিলেন তাঁরা নাম বাদ যাওয়ার পরেই এসেছিলেন নাকি অন্য কোনও বিষয় ছিল, কারা তাঁদের নিয়ে এসেছিল - সবকিছু জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গোলাম রব্বানিকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার বয়ানে অসঙ্গতি থাকায় এই ব্যক্তি গ্রেফতার করেছে এনআইএ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত