
শিলিগুড়ি, ১২ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তরের এই গুরুত্বপূর্ণ বাণিজ্য শহরে আয়োজিত জনসভা থেকে তিনি দাবি করেন, এই নির্বাচনের পরই পশ্চিমবঙ্গ থেকে মমতা সরকারের বিদায় নিশ্চিত। প্রধানমন্ত্রীর মতে, তৃণমূলের শাসনামলে পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে এবং রাজ্যের মানুষ গত কয়েক বছরে কেবল ধ্বংসই দেখেছে।
এদিন শিলিগুড়ি থেকে প্রধানমন্ত্রী দার্জিলিং জেলার ৫টি এবং জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা আসনের বিজেপি প্রার্থীদের হয়ে ভোট চান। উত্তরবঙ্গের মানুষের সমর্থন যে বিজেপির দিকেই রয়েছে, তা তিনি তাঁর বক্তব্যে বারবার তুলে ধরেন।
তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনে মোদী বলেন, রাজ্য সরকার কেবল একটি নির্দিষ্ট ভোটব্যাঙ্কের স্বার্থে কাজ করে। তাঁর দাবি, রাজ্য সরকার মাদ্রাসার উন্নয়নে বিপুল অর্থ খরচ করলেও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত রেখেছে। তিনি সাফ জানান, মমতা সরকারকে গত ১৫ বছরের হিসাব দিতে হবে।
এদিন শিলিগুড়িতে মোদীর রোড শো-কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনতা যে ভালোবাসা ও সমর্থন দিয়েছে, তা আমি কোনোদিন ভুলব না। তিনি আরও দাবি করেন, শিলিগুড়ির এই বিশাল জনসভা তৃণমূল শিবিরের ঘুম উড়িয়ে দেবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি