
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) :
ভোট দিতে যেতে কি ভয় পাচ্ছেন? কেউ কি আপনাকে শাসানি বা হুমকি দিচ্ছে? আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের মন থেকে এই আশঙ্কার কালো মেঘ সরাতে এবার সরাসরি ময়দানে নামল নির্বাচন কমিশন। সোমবার রাতে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতর থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে রাজ্যবাসীকে অভয় দিয়ে জানানো হয়েছে, যে কোনও অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে আর সশরীরে অফিসে আসার প্রয়োজন নেই।
কমিশন সূত্রে জানানো হয়েছে, ভয়মুক্ত নির্বাচন উপহার দেওয়াই এখন তাঁদের মূল লক্ষ্য। যদি কোনও ভোটার হুমকি বা বাধার সম্মুখীন হন, তবে তিনি সরাসরি wbfreeandfairpolls@gmail.com—এই ই-মেল ঠিকানায় তাঁর অভিযোগ জানাতে পারবেন। এর পাশাপাশি চব্বিশ ঘণ্টা খোলা রাখা হয়েছে টোল-ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-০০০৮।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। ভোটের দিন বুথে যাওয়া নিয়ে সংশয় থাকুক বা নির্বাচন সংক্রান্ত কোনও বিশেষ পরামর্শ—জনসাধারণ এখন অনেক বেশি সহজে প্রশাসনের নাগালে পৌঁছাতে পারবেন। মুখ্য নির্বাচন আধিকারিকের এই ‘মুশকিল আসান’ পদক্ষেপ আদতে অবাধ ও শান্তিপূর্ণ গণতন্ত্রের পথকেই আরও প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত