
দুর্গাপুর, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় সর্বাধিক ভোট-কেন্দ্রিক অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতির গুরুত্ব বিচার করে সোমবার দুর্গাপুরে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী একটি উচ্চপর্যায়ের নির্বাচনী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। মূলত জেলার ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সভার আয়োজন করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, এদিনের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন অনুমোদিত পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি আধা সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, জেলার পুলিশ সুপার এবং প্রশাসনের শীর্ষ কর্তারাও আগাগোড়া উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
তথ্য অনুযায়ী, পশ্চিম বর্ধমানে জমা পড়া বিপুল সংখ্যক অভিযোগের প্রেক্ষিতে যে সমস্ত প্রশাসনিক খামতি রয়েছে, তা নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পর্যবেক্ষকরা। এদিনের বৈঠকে নির্বাচন কমিশনের প্রধান সচিব এবং ভারপ্রাপ্ত জেলা নির্বাচন আধিকারিকও উপস্থিত থেকে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন। অশান্তিমুক্ত ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত